রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা উত্তরপাড়া পূজামণ্ডপের সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পালনে অনিয়ম, অসহযোগিতা এবং পূজা উদযাপন উপলক্ষে মণ্ডপের সার্বিক কার্যক্রমের খোঁজখবর না রাখাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্বের সভাপতি শংকর চন্দ্র দত্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মণ্ডপের নতুন সভাপতি হিসেবে বাবু সঞ্জীবন মালাকারকে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মেথিকান্দা উত্তরপাড়া পূজামণ্ডপে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মণ্ডপের সাধারণ সম্পাদক হারাধন গোস্বামী, বাবু পরিমল চন্দ্র শীল (পরিমল স্যার), বাবু দীপক দত্ত, স্বপন রায়, শশীল চন্দ্র শীল ও টিটু পালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা, পূজা উদযাপনে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মণ্ডপের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বশীল নেতৃত্ব এবং সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবমনোনীত সভাপতি বাবু সঞ্জীবন মালাকারের নেতৃত্বে মেথিকান্দা উত্তরপাড়া পূজামণ্ডপের সার্বিক কার্যক্রম আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও গতিশীল হবে। পাশাপাশি ভবিষ্যতে পূজা উদযাপনসহ মণ্ডপের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার হবে।
এদিকে, সাবেক সভাপতি শংকর চন্দ্র দত্তের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম ও অসহযোগিতার যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর অবস্থান জানা সম্ভব হয়নি।




Leave a Reply