সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, প্রাণহানি কমানো এবং সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ, নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’। দেশের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি মানুষের জীবন রক্ষায় সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। আহত হয়ে অনেকে দীর্ঘমেয়াদি শারীরিক ও আর্থিক সংকটের মুখেও পড়ছেন। অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, চালকের অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সড়কে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সড়ক নিরাপত্তা জোরদারে সরকার ‘সড়ক নিরাপত্তা আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রণীত প্রস্তাবিত আইনে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বিনামূল্যে জরুরি চিকিৎসা, দুর্ঘটনাকবলিত মানুষকে সহায়তাকারীদের আইনি সুরক্ষা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ডিমেরিট পয়েন্ট চালুর বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে দ্বিগুণ জরিমানার ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।




Leave a Reply