চলতি বছরের শুরুর দিকে মারা যান ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। এ ঘটনায় মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।
আত্মহত্যায় প্ররোচনার এ মামলায় কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্তি পান আলভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইকরার জন্মদিন।
বিশেষ এদিনে স্ত্রীকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন জাহের আলভী। স্মৃতিচারণ, বর্তমান জীবন সংগ্রামের কথা জানানোর পাশাপাশি স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ইকরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জাহের আলভী লেখেন, ‘শুভ জন্মদিন ইকরা। তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু অনেকগুলো জীবিত মানুষের চেয়ে অনেক বেশি।
তোমার অনুপস্থিতি আমাকে ভাবায়। রিযিককেও হয়তো ভাবায়। তুমি থাকলে হয়তো এই সময়টা কেক কেটে আমরা তিনজন খুব চিল করতাম।’ জন্মদিনে ইকরার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাহের আলভী। তার ভাষায়, ‘আজকে তোমার কাছে মাফ চাচ্ছি কিছু বিষয়ে। জন্মদিন উপলক্ষে পারলে মাফ করে দিও। তুমি নেই, আর আসবেও না, তবুও আমি অক্সিজেন নিচ্ছি, তবুও আমি দিব্যি ৩ বেলা খাচ্ছি, গোসল করছি, জীবিকার তাগিদে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছি, গান শুনছি, মজার মুহূর্তে হাসছি, রিযিককে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি, ফেসবুকে ছবি আপলোড দিচ্ছি, শুটিং করছি, জীবনে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’




Leave a Reply