নরসিংদীর রায়পুরায় পৃথক অভিযানে ৩ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দিনের ব্যবধানে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের ইসমাইল (৩৫), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিজয় মিয়া (২৩) এবং রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জুম্মন মিয়া (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর মায়ের বসতঘরে রাখা চালের ড্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর নিজের বসতঘর থেকে আরও একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ

র আগে, ১৮ অক্টোবর রাতে উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই অস্ত্রধারী মরজাল বাজারের দিকে যাচ্ছেন- এমন তথ্য পায় পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে রায়পুরার চর মরজাল এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর বাঘমারা সেতুতে চেকপোস্ট স্থাপন করা হয়।

রাত পৌনে ১০টার দিকে চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিরোধ করে আরোহী বিজয় মিয়া ও জুম্মন মিয়াকে তল্লাশি করা হয়। এ সময় বিজয় মিয়ার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাঁদের ব্যবহৃত কালো রঙের নম্বরবিহীন একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বুধবার বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।
তিনি জানান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়। এতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অস্ত্র উদ্ধারের এসব ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

পুলিশের দাবি, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *